বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়েছে। সৌদি আরবের জ্বালানি স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার দাবি এবং হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধির কারণে বিশ্বজুড়ে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে।
শুক্রবার (৩০ অক্টোবর) এশিয়ার বাজারে দিনের শুরুতে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৮৬ সেন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলার ৭৪ সেন্টে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ বেড়ে ১০২ ডলার ৭২ সেন্ট হয়।
প্রতিবেদন অনুযায়ী, ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দাম টানা চতুর্থ মাসের মতো বাড়তে যাচ্ছে। চলতি অক্টোবর মাসে ব্রেন্টের দাম প্রায় ১৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৫ শতাংশ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
তেলের দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার দাবির কথা বলা হচ্ছে। ইয়েমেনের হুতি বাহিনী জানিয়েছে, তারা সৌদি আরবের রাস তানুরা ও রাবিগ তেল শোধনাগার এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর আবকাইক স্থাপনায় হামলা চালিয়েছে।
অন্যদিকে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণে অনুমোদনহীন একটি নৌপথ ব্যবহার করতে গিয়ে তিনটি তেলবাহী জাহাজ সমুদ্রের মাইনে আঘাতপ্রাপ্ত হয়। এতে জাহাজগুলোতে আগুন ধরে যায়।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নিরাপত্তাঝুঁকি বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলার দাবিও এই উদ্বেগ বাড়িয়েছে। ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে।
