যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে শোক দিবস পালনে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াত করেন নূর মোহাম্মদ।
অনুষ্ঠানে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালরাতে সপরিবারে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত এবং সম্প্রতি ৫ই আগস্ট পরবর্তী সময়ে প্রাণ হারানো ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মওলানা আবদুল হাই।
আওয়ামী লীগ নেতা আব্দুর রহিমের সভাপতিত্বে এবং মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর রাজনৈতিক সংগ্রাম, তার জীবন দর্শন এবং স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অবিসংবাদিত নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, বাঙালির জাতীয় পরিচয় নির্মাণে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য। একই সঙ্গে বঙ্গবন্ধুর স্মৃতি, আর্দশ ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূঁইয়া, আব্দুর রফিক, দিলসাদ চৌধুরী, বেলাল উদ্দিন, রওশনউদদীন, মোঃ বেলাল হোসেন, বোরহানউললাহ কাউসার, নূর মোহাম্মদ, মিজানুর রহমান এবং আবু নসর।
