রবিবার, ২১ জুন ২০২৬

বিশ্বকাপকে ঘিরে নিউইয়র্কে হোটেল খাতে হতাশা, আয় কমার আশঙ্কা

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শুক্রবার, জুন ১৯, ২০২৬

বিশ্বকাপকে ঘিরে নিউইয়র্কে হোটেল খাতে হতাশা, আয় কমার আশঙ্কা

নিউইয়র্ক সিটির হোটেল শিল্পের জন্য যে বিশ্বকাপকে কেন্দ্র করে বড় ধরনের অর্থনৈতিক উত্থানের আশা করা হয়েছিল, তা এখন অনেকটাই হতাশাজনক পরিস্থিতির দিকে যাচ্ছে। হোটেল অ্যাসোসিয়েশন অব নিউইয়র্ক সিটি তাদের সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে, টুর্নামেন্ট চলাকালীন সময়ে হোটেল আয়ের যে প্রবৃদ্ধি আগে প্রায় ২০০ মিলিয়ন ডলার ধরা হয়েছিল, তা কমিয়ে এখন ১০০ মিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়েছে।

শিল্প সংশ্লিষ্টরা কয়েক মাস ধরেই সতর্ক করে আসছিলেন যে, বিশ্বকাপ ঘিরে বুকিং প্রত্যাশা অনুযায়ী বাড়ছে না। যুক্তরাষ্ট্রের হোটেল ও লজিং অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, নিউইয়র্কের প্রায় ৬০ শতাংশ হোটেল অপারেটর জানিয়েছে যে বিশ্বকাপ নিয়ে তাদের বুকিং প্রত্যাশার চেয়ে দুর্বল। এর পেছনে আন্তর্জাতিক অস্থিরতা এবং বৈশ্বিক পর্যটন মন্দা বড় কারণ হিসেবে দেখা হচ্ছে।

বিশেষ করে আন্তর্জাতিক পর্যটকরা, যারা সাধারণত দেশীয় পর্যটকদের তুলনায় গড়ে চার গুণ বেশি খরচ করেন, তারা ভিসা জটিলতা, ভ্রমণ নিষেধাজ্ঞা, অভিবাসন কড়াকড়ি এবং অন্যান্য বাধার কারণে কম আসছেন। এতে করে হোটেল বুকিং ও শহরের পর্যটন ব্যবসা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতিও বিষয়টিকে আরও জটিল করেছে, যার ফলে অতিরিক্ত ১০ থেকে ১৫ শতাংশ ব্যবসায়িক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আরেকটি বড় ঝুঁকি ছিল সম্ভাব্য হোটেল শ্রমিক ধর্মঘট। এমন ধর্মঘট হলে হোটেল খাতসহ পুরো পর্যটন শিল্পে বড় ধাক্কা লাগত। তবে টুর্নামেন্ট শুরুর আগে একটি নতুন চুক্তির মাধ্যমে সেই ধর্মঘট এড়ানো গেছে। একই ধরনের পরিস্থিতি লস অ্যাঞ্জেলেসেও প্রায় ঘটতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে সেটিও এড়ানো হয়।

হোটেল শিল্প বলছে, বর্তমান পরিস্থিতি এমন সময়ে এসেছে যখন তারা ইতিমধ্যেই ধীর রাজস্ব প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি, বাড়তি পরিচালন ব্যয় এবং দীর্ঘস্থায়ী পর্যটন মন্দার চাপের মধ্যে রয়েছে। এই খাতটি নিউইয়র্ক শহরের অর্থনীতির একটি বড় ভিত্তি, যেখানে ৪০ হাজারের বেশি হোটেল কর্মী এবং প্রায় ৪ লাখ হসপিটালিটি কর্মী কাজ করেন এবং বছরে বিলিয়ন ডলারের কর রাজস্ব তৈরি হয়।

হোটেল অ্যাসোসিয়েশন অব নিউইয়র্ক সিটির প্রেসিডেন্ট ও সিইও ভিজয় ডান্ডাপানি বলেন, বিশ্বকাপ ঘিরে যে বড় অর্থনৈতিক সাফল্যের আশা করা হয়েছিল, তা বাস্তবে আসছে না। তার মতে, বুকিং ও আয়ের ঘাটতি এখন স্পষ্ট, এবং শেষ মুহূর্তে ধর্মঘট এড়ানো হলেও আন্তর্জাতিক পর্যটন মন্দা ও বাড়তি খরচের চাপ পরিস্থিতিকে আরও কঠিন করেছে।

১৮৭৮ সালে প্রতিষ্ঠিত হোটেল অ্যাসোসিয়েশন অব নিউইয়র্ক সিটি যুক্তরাষ্ট্রের অন্যতম পুরোনো হোটেল সংগঠন। এটি নিউইয়র্কের প্রায় ৩০০টি হোটেলকে প্রতিনিধিত্ব করে, যেখানে ৮০ হাজারের বেশি কক্ষ এবং প্রায় ৫০ হাজার কর্মী রয়েছে।