বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করেছে ইরান: ট্রাম্প

Author avatar
উত্তর আমেরিকা অফিস

মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করেছে ইরান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে এবং দেশটি দ্রুত হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে তারা ধ্বংসের মুখে রয়েছে। এ অবস্থায় তারা চায়, যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি খুলে দেওয়া হোক, যাতে তারা তাদের নেতৃত্ব পরিস্থিতি সামাল দিতে পারে। ট্রাম্প আরও বলেন, ইরান এ পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবে বলেই তিনি মনে করেন।

তবে এ বিষয়ে ট্রাম্প কোনো বিস্তারিত তথ্য দেননি। অন্যদিকে, ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ট্রাম্পের এ মন্তব্য এমন সময়ে এলো, যখন তেহরানের একটি প্রস্তাব নিয়ে অসন্তোষের খবর সামনে এসেছে। ওই প্রস্তাবে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের উদ্যোগের কথা বলা হয়েছে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্পকে এ পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে ইরানের বন্দরগুলোতে আরোপিত অবরোধ প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যুদ্ধবিরতি দীর্ঘায়িত বা স্থায়ী করার কথাও বলা হয়েছে।

তবে ইরানের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছে, সামুদ্রিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরই পারমাণবিক আলোচনা শুরু হতে পারে। যদিও প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি—যা ওয়াশিংটনের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু।