যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধের মধ্যেও ইরানের একটি তেলবাহী জাহাজ এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাংকার ট্র্যাকার্স এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির মালিকানাধীন ‘হিউজ’ নামের জাহাজটি প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ কোটি মার্কিন ডলার।
জানা গেছে, এক সপ্তাহ আগে জাহাজটিকে শ্রীলঙ্কার উপকূলের কাছে দেখা গেলেও বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি পেরিয়ে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।
যুক্তরাষ্ট্র যখন অবরোধ জোরদার করে, তখন জাহাজটি ইরানের জলসীমায় ছিল। পরে দীর্ঘ সময় ধরে জাহাজটির স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখা হয়, ফলে এর অবস্থান নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে।
এদিকে ইরান দাবি করেছে, তাদের অন্তত ৫২টি জাহাজ অবরোধ ভেঙে সফলভাবে গন্তব্যে পৌঁছেছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ৪১টি ইরান-সংশ্লিষ্ট জাহাজকে পথ পরিবর্তনে বাধ্য করেছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই অবরোধের কারণে ইরানের তেল রপ্তানি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং এতে দেশটির কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা
