সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে জোরালো অভিযান চালিয়ে এক সপ্তাহে ১১ হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার এবং প্রায় ১৫ হাজার জনকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, গত ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ অভিযানে এ কার্যক্রম পরিচালিত হয়।
সরকারি তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ২৪৪ জন আবাসন আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হয়েছেন। এছাড়া সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ৩ হাজার ৫৪৩ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৫১৩ জনকে আটক করা হয়েছে।
অভিযান চলাকালে অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৩৩০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৪৩ শতাংশ ইয়েমেন এবং ৫৪ শতাংশ ইথিওপিয়ার নাগরিক।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ অভিবাসন রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
