রবিবার, ১০ মে ২০২৬

১.৫ মিলিয়ন ডলারের বৃত্তি নিয়ে হার্ভার্ডে অনন্যা

Author avatar
উত্তর আমেরিকা অফিস

রবিবার, মে ১০, ২০২৬

১.৫ মিলিয়ন ডলারের বৃত্তি নিয়ে হার্ভার্ডে অনন্যা

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বাঙালি কমিউনিটির জন্য এক গৌরবোজ্জ্বল খবর বয়ে এনেছেন অনন্যা চন্দ জেসি। ডেট্রয়েটের ক্যাস টেক হাইস্কুলের এই মেধাবী শিক্ষার্থী ১.৫ মিলিয়ন ডলারের (প্রায় ১৭ কোটি টাকা) শিক্ষা বৃত্তি অর্জন করেছেন। একই সঙ্গে তিনি বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ইয়েল বিশ্ববিদ্যালয় ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন।

অনন্যা চন্দ জেসি মিশিগান নিবাসী বিশ্বেশ্বর চন্দ ও শেলী শীল দম্পতির দ্বিতীয় কন্যা। কৃতিত্বপূর্ণ ফলাফলের পাশাপাশি তার এই বিশাল অংকের বৃত্তি পাওয়ার সংবাদে স্থানীয় বাঙালিদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনন্যা জানান, তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ‘প্রি-মেড’ ধারায় পড়াশোনা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। চিকিৎসক হওয়ার দীর্ঘ লালিত স্বপ্ন বাস্তবায়নে এই অর্জন তাকে নতুন আত্মবিশ্বাস জুগিয়েছে। পড়াশোনা শেষ করে তিনি মেট্রো ডেট্রয়েট অঞ্চলের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান।

হাইস্কুলে পড়ার সময় থেকেই অনন্যা বিভিন্ন সামাজিক ও নেতৃত্বমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি ‘ন্যাশনাল অনার সোসাইটি’র সভাপতি এবং ‘অ্যাকাডেমিক গেমস’-এর সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি মিশিগান মেডিসিনের অ্যাডোলেসেন্ট হেলথ ইনিশিয়েটিভের রিচ বোর্ডে এবং ‘ওমেন অব বাংলাটাউন ইউথ অ্যাডভাইজরি কাউন্সিল’ এর সাথেও যুক্ত ছিলেন।

মেধার স্বীকৃতিস্বরূপ তিনি ‘পালাজো স্ট্রজি’ পুরস্কারও পেয়েছেন, যার আওতায় ইতালিতে বিনামূল্যে পড়াশোনার সুযোগ রয়েছে তাঁর সামনে। তবে অনন্যার প্রথম পছন্দ হার্ভার্ড। নিজের এই অভাবনীয় সাফল্যের কৃতিত্ব তিনি বাবা-মা ও মেন্টরদের দিয়েছেন।

কনিষ্ঠ শিক্ষার্থীদের উদ্দেশে অনন্যা বলেন, “কখনো নিজের সম্ভাবনাকে সীমাবদ্ধ করে রাখবে না। মনে রাখবে, সাময়িক ব্যর্থতাও ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি হতে পারে।”