বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

জ্যাকসন হাইটসে ‘ইলাইজা’ চলচ্চিত্রের প্রদর্শনী ও আলোচনা সভা

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বুধবার, মে ১৩, ২০২৬

জ্যাকসন হাইটসে ‘ইলাইজা’ চলচ্চিত্রের প্রদর্শনী ও আলোচনা সভা

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এএপিআই হেরিটেজ মান্থ উপলক্ষে ‘ইলাইজা’ চলচ্চিত্রের একটি বিশেষ প্রদর্শনী ও কমিউনিটি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ড্রাম, অ্যাপিচা এবং আমাদের দাওয়াত এর যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, দক্ষিণ এশীয়, বিশেষ করে বাংলাদেশি ও অভিবাসী সম্প্রদায়ের সদস্যরা এই প্রদর্শনীতে অংশ নেন। চলচ্চিত্রটিতে ট্রান্সজেন্ডার ও শ্রমজীবী দক্ষিণ এশীয় অভিজ্ঞতার এক গভীর ও মানবিক চিত্র ফুটে উঠেছে। প্রদর্শনী শেষে বর্তমান সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে অভিবাসী অভিজ্ঞতা ও সংহতির গুরুত্ব নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

ছবির পরিচালক রাজিফ সিজন বলেন, ইলাইজা চলচ্চিত্রটি ইয়েল ইউনিভার্সিটিসহ অনেক নামি প্রতিষ্ঠানের আমন্ত্রণ পেলেও জ্যাকসন হাইটসের এই প্রদর্শনীটি ছিল আমার জন্য অন্যরকম। কারণ, এটি আয়োজন করেছিল খোদ বাংলাদেশি ও দক্ষিণ এশীয় সংগঠনগুলো। নিজের মানুষের সামনে নিজের গল্প তুলে ধরতে পারা সবসময়ই বিশেষ অনুভূতির।

অনুষ্ঠানে ড্রামের পক্ষ থেকে জানানো হয়, চলচ্চিত্রটি বিভাজনের রাজনীতির বিপরীতে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে মানবিক সংযোগের কথা মনে করিয়ে দেয়। আমাদের দাওয়াতের প্রতিনিধিরা জানান, ‘ইলাইজা’ একটি আশার আলো, যা কুইয়ার বাঙালি থেকে শুরু করে সাধারণ দর্শক, সবার জন্যই অত্যন্ত অর্থবহ।

প্রশ্নোত্তর ও আলোচনা সেশনটি সঞ্চালনা করেন বাংলাদেশি-কানাডিয়ান সংগীত প্রযোজক রবি আহমেদ। প্যানেলিস্ট হিসেবে আলোচনায় অংশ নেন ড্রামের আকাশ সিং, অ্যাপিচার ফাবলিহা ইয়াকুব এবং আমাদের দাওয়াতের ইজমাত। চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজাজ আলম, দেবজানি ব্যানার্জী ও মিথিলা গাজী। এছাড়া বিভিন্ন পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন ইভা ভিসকো, এডিস ডেলগাডো ও সামাদ চঞ্চলসহ আরও অনেকে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ প্রান্তিক কণ্ঠস্বরগুলোকে সামনে আনতে এবং প্রবাসীদের মধ্যে সামাজিক বন্ধন সুদৃঢ় করতে সহায়ক হবে।