লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 20-R2-এর ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান এবং গোল্ডেন এজ হোম কেয়ারেরও প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজকে শুভেচ্ছা জানিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ও চমৎকার আনন্দ সন্ধ্যা।
গত ১১ মে উডসাইডের কুইন্স প্যালেসে এই অনুষ্ঠানের আয়োজন করে নর্থ আমেরিকা এক্সপার্টিজ বাংলাদেশী অ্যালায়েন্স। অনন্য এই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সামাজিক ব্যক্তিত্বরা।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে এই আয়োজন কেক কাটা, আড্ডা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পরিবেশনায় শেষ হয়। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে লায়ন শাহ নেওয়াজকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে লায়ন শাহনেওয়াজ বলেন, আপনাদের ভালোবাসায় আমরা মুগ্ধ। এই ভালোবাসা আমরা চিরদিন মনে রাখবো। আমাদের পরিবার, প্রতিষ্ঠান ও কাজকে নিয়ে আপনাদের মূল্যায়ন আমাদের জন্য গর্বের। তিনি আরও বলেন, প্রবাসে প্রতিযোগিতা থাকলেও প্রতিহিংসা নয়, ঐক্যই কমিউনিটির শক্তি।
লায়ন শাহ নেওয়াজের সহধর্মিনী রানো নেওয়াজ বলেন, স্বল্প সময়ে এত মানুষের উপস্থিতি আমাদের অভিভূত করেছে। এটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ভালোবাসার প্রমাণ।
এতে বক্তারা বলেন, শাহ নেওয়াজের মতো একজন মানবিক ও পরোপকারী ব্যক্তির লায়ন্স ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক সংগঠনে ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর পদে নির্বাচিত হওয়া শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং সমগ্র বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে তিনি গভর্নর ও আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ নেতৃত্বে আসবেন বলে তারা আশা প্রকাশ করেন।
