পূর্ব লন্ডনের একটি অভিজাত হোটেলে নতুন নাটক ‘লন্ডনে একতার ডাক’র শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন এবং টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জোবায়ের আহমেদ, ফয়জুর রহমান ফয়েজ, ড. আজিজুল আম্বিয়া, হাফসা নূর, লুৎফর রহমান এবং শাকিল আহমদ সোহাগ। সম্পাদনার দায়িত্বে ছিলেন নজরুল ইসলাম অকিব।
নাটকটি বাংলাদেশের বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ ঘটনা ও সামাজিক বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। প্রবাস জীবনের ব্যস্ততার মধ্যেও দেশের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং জাতীয় চেতনার বিষয়গুলো নাটকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে জানান আয়োজকরা।
পরিচালক বলেন, সুদূর প্রবাসে থাকলেও বাংলাদেশের প্রতি আমাদের ভালোবাসা ও দায়িত্ববোধ সবসময় রয়েছে। সেই অনুভূতিগুলোই নাটকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। এটি আমার প্রথম নাটক। ভবিষ্যতে দর্শকদের আরও সুন্দর ও মানসম্মত নাটক উপহার দিতে পারবো বলে আশা করছি।”
ইতোমধ্যে লন্ডনের বাংলা কমিউনিটির দর্শকদের মাঝে নাটকটি ব্যাপক প্রশংসা অর্জন করেছে। সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা মনে করছেন, প্রবাসে বাংলা নাটকের এমন উদ্যোগ নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
