সোমবার, ২২ জুন ২০২৬

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ, আহত কয়েকজন

Author avatar
উত্তর আমেরিকা অফিস

সোমবার, জুন ২২, ২০২৬

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ, আহত কয়েকজন

কাতারের উত্তরাঞ্চলের রাস লাফান শিল্পাঞ্চলের একটি কারখানায় বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছেন। রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কারখানাটির স্বাভাবিক কার্যক্রম চলাকালে প্রযুক্তিগত ত্রুটির কারণে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো গ্যাস বা ক্ষতিকর পদার্থের লিকেজ হয়নি। ঘটনাটি জনসাধারণের নিরাপত্তার জন্যও কোনো হুমকি সৃষ্টি করেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কোন কারখানায় বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আহতদের সংখ্যা ও তাঁদের শারীরিক অবস্থার বিষয়েও কিছু জানানো হয়নি।

এর আগে এক সংক্ষিপ্ত বিবৃতিতে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, রাস লাফান এলাকায় প্রযুক্তিগত ত্রুটির কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রাস লাফান বিশ্বের অন্যতম বৃহৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন ও রপ্তানি কেন্দ্র। এখানকার সমুদ্রবন্দর থেকে বিশ্বের বিভিন্ন দেশে এলএনজি রপ্তানি করা হয়। কাতারের জ্বালানি খাতের জন্য এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।