সোমবার, ২৭ জুলাই ২০২৬

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

Author avatar
উত্তর আমেরিকা অফিস

রবিবার, জুলাই ২৬, ২০২৬

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বড় সাক্ষাৎকারে অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, দেশের জাতীয় স্বার্থ রক্ষার প্রয়োজনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধেও অবস্থান নিতে তিনি প্রস্তুত।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বার্নহ্যাম বলেন, ট্রাম্পের সঙ্গে তাঁর প্রথম কথোপকথন ইতিবাচক ছিল এবং তিনি মার্কিন প্রেসিডেন্টকে আন্তরিক বলে মনে করেছেন। তবে ট্রাম্পকে পুরোপুরি বিশ্বাস করেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি মন্তব্য করেননি। তাঁর ভাষায়, বিশ্ব পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে, তাই বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত নিতে হয়।

বার্নহ্যাম বলেন, ব্রিটেনের জাতীয় স্বার্থের প্রশ্নে প্রয়োজনে তিনি ট্রাম্পের সঙ্গে ভিন্নমত পোষণ করতেও দ্বিধা করবেন না। তিনি বলেন, প্রতিটি সরকারেরই নিজ দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হয়।

ইরানকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইরান–সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে তাঁর উদ্বেগ ছিল এবং প্রয়োজন হলে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে তিনি পিছপা হবেন না।

এদিকে প্রতিরক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ শতাংশ ব্যয়ের লক্ষ্য অর্জনের জন্য নির্দিষ্ট সময়সীমা দিতে অস্বীকৃতি জানিয়েছেন বার্নহ্যাম। তিনি বলেন, নতুন সরকারের প্রথম অগ্রাধিকার হবে প্রতিরক্ষা খাতে ঘোষিত বিনিয়োগ পরিকল্পনার অর্থায়ন নিশ্চিত করা। এ বিষয়ে বছরের শেষের বাজেটের আগে পর্যালোচনা করা হবে।

আগাম জাতীয় নির্বাচন প্রসঙ্গে বার্নহ্যাম বলেন, ২০২৯ সালের আগে সাধারণ নির্বাচন আয়োজনের কোনো পরিকল্পনা সরকারের নেই। তাঁর মতে, জনগণও এখন আগাম নির্বাচন চায় না। সরকারের প্রধান লক্ষ্য হবে দেশকে স্থিতিশীল করা এবং সঠিক পথে এগিয়ে নেওয়া।