যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি’র উদ্যোগে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ২ আগস্ট (রোববার) বাংলা টাউনখ্যাত ডেট্রয়েটের জেইন ফিল্ডে আয়োজিত এ বনভোজন প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা জামিল মর্তুজা। ময়নুল ইসলাম রাফি ও ছাইফুর রহমানের যৌথ সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন উপদেষ্টা আকমল খান, প্রবীর রায়, মিনহাজ আহমেদ, শামসুল হক, সাবিনা আক্তারসহ সংগঠনের নেতৃবৃন্দ।
দিনব্যাপী আয়োজনে ছিল প্রবাসীদের জন্য নানা পদের খাবারের ব্যবস্থা। পাশাপাশি নারী, পুরুষ ও শিশুদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের ক্রীড়া ও বিনোদনমূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নারীরা মিউজিক্যাল পিলো ও চেয়ার সেটিং প্রতিযোগিতায় অংশ নেন। পুরুষদের জন্য ছিল ফুটবল ও রশি টানাটানির মতো প্রতিযোগিতা। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে আরও আনন্দঘন।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা জামিল মর্তুজা এবং উপদেষ্টা আকমল খান, প্রবীর রায় ও মিনহাজ আহমেদকে সম্মাননা সনদ প্রদান করা হয়। সংগঠনের প্রতি তাঁদের অবদান ও সহযোগিতার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা তুলে দেওয়া হয়।
বিকেলে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত র্যাফেল ড্র। এতে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন খেলাধুলায় বিজয়ী ও অংশগ্রহণকারীদেরও পুরস্কৃত করা হয়।
সমাপনী বক্তব্যে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, প্রবাসে পারস্পরিক সম্প্রীতি, বন্ধুত্ব ও পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়। বনভোজন সফল করতে যারা শ্রম, সময়, সহযোগিতা ও আন্তরিকতা দিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তারা।
