নিউইয়র্কের ৮০ লাখের বেশি পরিবারকে সর্বোচ্চ ২০০ ডলার পর্যন্ত এনার্জি রিবেট চেক দেওয়া হচ্ছে। আগামী ২১ সেপ্টেম্বর থেকে এসব চেক ডাকযোগে পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল।
‘প্রটেক্টিং আওয়ার ওয়ালেটস এনার্জি রিবেট’ বা ‘পাওয়ার’ নামে পরিচিত এই এককালীন অর্থ পাওয়ার জন্য আলাদাভাবে আবেদন বা নিবন্ধনের প্রয়োজন নেই। ২০২৪ সালের নিউইয়র্ক স্টেটের আয়কর রিটার্নের তথ্যের ভিত্তিতে যোগ্য ব্যক্তিদের কাছে স্বয়ংক্রিয়ভাবে চেক পাঠানো হবে।
২০২৪ সালের আয়কর রিটার্ন অনুযায়ী যৌথভাবে করদাতা দম্পতির আয় ১ লাখ ৫০ হাজার ডলারের কম হলে তারা সর্বোচ্চ ২০০ ডলার পাবেন। আয় ১ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ ডলারের মধ্যে হলে পাওয়া যাবে ১৫০ ডলার। আর একক করদাতার আয় ১ লাখ ৫০ হাজার ডলারের কম হলে তারা পাবেন ১০০ ডলার।
এই রিবেট পেতে হলে ২০২৪ সালের নিউইয়র্ক স্টেটের বাসিন্দা হিসেবে সময়মতো আয়কর রিটার্ন জমা দিতে হবে, নির্ধারিত আয়ের সীমার মধ্যে থাকতে হবে এবং অন্য কোনো করদাতার রিটার্নে নির্ভরশীল হিসেবে অন্তর্ভুক্ত থাকা যাবে না।
নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব ট্যাক্সেশন অ্যান্ড ফাইন্যান্স ২০২৪ সালের আয়কর রিটার্নের তথ্য ব্যবহার করে যোগ্যদের কাছে চেক পাঠাবে। ২১ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ২০২৬-এর মধ্যে এসব চেক ডাকযোগে পৌঁছানোর কথা রয়েছে। এজন্য কোনো সরকারি দপ্তরে ফোন করা বা আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই।
