যুক্তরাষ্ট্রের উপকূলের কাছে নিখোঁজ হওয়া একটি মেডিকেল বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে মার্কিন কোস্টগার্ড।
বিমানটিতে ছয়জন ছিলেন। তাঁদের মধ্যে চারজন কানাডার এবং দুজন বারমুডার নাগরিক।
শনিবার রাত ১টার কিছু পর বারমুডা থেকে বোস্টনের উদ্দেশে যাওয়ার সময় বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ এ তথ্য জানিয়েছে।
নান্টাকেট দ্বীপের কাছে রাতভর জাহাজ, হেলিকপ্টার ও বিমান দিয়ে তল্লাশি চালানোর পর ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। বিমানে থাকা সবার স্বজনকে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১১টা ৪০ মিনিটে উড্ডয়ন করে। বোস্টনে রাত ১টা ৩০ মিনিটে পৌঁছানোর কথা ছিল।
ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য বলছে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে বিমানটির উচ্চতা দ্রুত কমে যায়। প্রায় ৭ হাজার ৩০০ মিটার থেকে নেমে তা প্রায় ৩ হাজার ৩০০ মিটারে চলে আসে।
বোস্টন গ্লোব জানিয়েছে, পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। পরে বিমানটির রেডিও ও রাডার যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়।
বিমানটি ল্যাটিচিউড এয়ার অ্যাম্বুলেন্সেসের বলে জানিয়েছে কোস্টগার্ড। সংস্থাটি আন্তর্জাতিক মেডিকেল ফ্লাইট পরিচালনা করে।
ঘটনাটি নিয়ে স্থানীয় সময় রোববার সকালে আরও তথ্য দেওয়ার কথা জানিয়েছে মার্কিন কোস্টগার্ড।
