যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে ফুটবল খেলা চলাকালে মাঠে পিকআপ ট্রাক ঢুকে পড়ার ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
স্থানীয় সময় শনিবার (১৭ অক্টোবর) শহরের স্ট্রাইকার স্পোর্টস কমপ্লেক্সে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, কালো রঙের শেভ্রোলেট সিলভেরাডো পিকআপ ট্রাকটি খেলা চলার সময় মাঠে ঢুকে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।
উইচিটা পুলিশের ক্যাপ্টেন অ্যারন মোজেস বলেন, ঘটনাস্থলে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর পিকআপ ট্রাকের চালককে আটক করা হয়েছে। গাড়িটি ঘটনাস্থলেই রয়েছে এবং চালক পুলিশের হেফাজতে আছেন।
পুলিশ জানিয়েছে, আটক চালককে ঘিরে জনসাধারণের জন্য তাৎক্ষণিকভাবে নতুন কোনো হুমকি নেই।
