লিবিয়ার আকাশসীমায় আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ ১১ বছর পর প্রত্যাহার করা হয়েছে। এর ফলে উত্তর আফ্রিকার দেশটির আকাশসীমা ব্যবহার করে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বাড়তে পারে।
সোমবার (২৬ অক্টোবর) লিবিয়ার পরিবহন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে গৃহযুদ্ধ চলাকালে ২০১৫ সালে জাতিসংঘের আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) এসব বিধিনিষেধ আরোপ করেছিল। গত ২৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়। দোহায় পশ্চিম এশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্মকর্তাদের এক বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে আইসিএওর মহাসচিব হুয়ান কার্লোস সালাজার এ সিদ্ধান্তের কথা জানান।
লিবিয়ার পরিবহন মন্ত্রণালয় বলেছে, দেশটির বেসামরিক বিমান চলাচল খাতে সাম্প্রতিক অগ্রগতি এবং এ খাতের সক্ষমতার প্রতি আস্থার প্রতিফলন এই সিদ্ধান্ত।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, লিবিয়ার আকাশসীমা ব্যবহার করে ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়ে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর কাছ থেকে রেকর্ডসংখ্যক আবেদন এসেছে। আগামী নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ২০২৬-২৭ সালের শীতকালীন মৌসুমে প্রতি মাসে ৬১ হাজার ৯৬৮টি ফ্লাইট পরিচালনার অনুমতি চাওয়া হয়েছে। অথচ আগের ২০২৫-২৬ সালের শীতকালীন মৌসুমে দেশটির আকাশসীমা ব্যবহার করে প্রতি মাসে গড়ে মাত্র ২ হাজার ফ্লাইট চলাচল করত।
মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বাড়লে আকাশসীমা ব্যবহারের ফি থেকে লিবিয়ার উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে পারে।
২০১১ সালে ন্যাটো-সমর্থিত অভ্যুত্থানে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ায় অস্থিতিশীলতা চলছে। ২০১৪ সালে ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত শুরু হলে দেশটি পূর্ব ও পশ্চিমাঞ্চলভিত্তিক দুটি প্রশাসনে বিভক্ত হয়ে পড়ে।
ওই বছর সংঘাতের কারণে ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারবাসসহ প্রায় ২০টি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে লিবিয়ায় সীমিতসংখ্যক বিমান সংস্থা ফ্লাইট পরিচালনা করছে। দেশটি থেকে মূলত তিউনিসিয়া, জর্ডান, তুরস্ক, মিসর, সৌদি আরব ও সুদানে যাতায়াতের সুযোগ রয়েছে।
লিবিয়ার পরিবহন মন্ত্রণালয় আরও জানিয়েছে, আইসিএওর সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংস্থাটির ১৯৩টি সদস্যদেশের কাছে তা পাঠানো হবে।
সূত্র: রয়টার্স
