শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

নিউইয়র্কে  ই-বাইক চড়তে খরচ সর্বোচ্চ ৩.৬৫ ডলার

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

নিউইয়র্কে  ই-বাইক চড়তে খরচ সর্বোচ্চ ৩.৬৫ ডলার

নিউইয়র্ক শহরে সিটিবাইক ব্যবহারকারীদের জন্য ই-বাইক ভাড়ার সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে নগর কর্তৃপক্ষ। নতুন চুক্তির আওতায় সদস্যরা সর্বোচ্চ ৪৫ মিনিটের ই-বাইক যাত্রার জন্য ৩.৬৫ ডলারের বেশি ভাড়া দেবেন না। এই সুবিধা ২০২৯ সালের ২৬ মে পর্যন্ত কার্যকর থাকবে।

সোমবার (২৩ নভেম্বর) নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং নগর পরিবহন বিভাগের কমিশনার মাইক ফ্লিন এ ঘোষণা দেন। রাইড শেয়ারিং প্রতিষ্ঠান লিফটের সঙ্গে নতুন চুক্তির ফলে আগামী ১৯ জানুয়ারি থেকে এ ভাড়া কার্যকর হবে। বর্তমানে ম্যানহাটনে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া সর্বোচ্চ ৪৫ মিনিটের ই-বাইক যাত্রায় ভাড়ার সর্বোচ্চ সীমা ৫.৪০ ডলার। নতুন ব্যবস্থায় তা কমে ৩.৬৫ ডলার হচ্ছে।

নগর কর্তৃপক্ষের হিসাবে, নতুন ভাড়া কার্যকর হলে প্রতিটি যাত্রায় ব্যবহারকারীদের সর্বোচ্চ ৮.৫০ ডলার পর্যন্ত সাশ্রয় হতে পারে। সিটিবাইকের সাধারণ সদস্যদের পাশাপাশি স্বল্প ভাড়ার বাইক শেয়ার কর্মসূচির সদস্যরাও এ সুবিধা পাবেন। তবে বর্তমানে যেসব ছোট যাত্রার ভাড়া ৩.৬৫ ডলারের কম, সেগুলোর দাম অপরিবর্তিত থাকবে।

নতুন চুক্তিতে বার্ষিক সদস্য ফি এবং অতিরিক্ত সময় ব্যবহারের জন্য নেওয়া ফিও বর্তমান পর্যায়ে স্থির রাখা হয়েছে।

মেয়র মামদানি বলেন, নিউইয়র্কে যাতায়াতের খরচ যেন প্রতিনিয়ত বাড়তে না থাকে, সেটি নিশ্চিত করা জরুরি। কর্মজীবী নিউইয়র্কবাসীর জন্য শহরের এক এলাকা থেকে অন্য এলাকায় সাইকেলে যাতায়াতও যেন বাড়তি আর্থিক চাপের কারণ না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ।

এদিকে সিটিবাইকের অবকাঠামো আধুনিকায়নেও লিফটের সঙ্গে কাজ করছে নগর কর্তৃপক্ষ। আগামী বছর ১৩০টির বেশি চার্জিং স্টেশন উন্নত করা হবে। এর ফলে কর্মীদের হাতে ব্যাটারি বদলানোর পরিবর্তে সাইকেলগুলো সরাসরি স্টেশনেই চার্জ দেওয়া যাবে।