থ্যাংকসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বাসিন্দাদের মধ্যে টার্কি ও ঐতিহ্যবাহী খাবারসামগ্রী বিতরণ করা হয়েছে। সিটি মেয়র মার্টি স্মল সিনিয়র এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
গত ২৪ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১১টা থেকে আটলান্টিক সিটি হলের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের উদ্যোগে সিটি হলের শিলা অলিভার প্লাজায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় সিটি কাউন্সিলের সভাপতি অ্যারন রেনল্ডস, কাউন্সিলওম্যান মারিয়া লাকা, আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
থ্যাংকসগিভিংয়ের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং কমিউনিটির অসচ্ছল বাসিন্দাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিতে আটলান্টিক সিটির বিপুলসংখ্যক বাসিন্দা অংশ নেন এবং খাদ্যসহায়তা গ্রহণ করেন।
মেয়রের এ উদ্যোগের মাধ্যমে উৎসবের আনন্দ সমাজের সব শ্রেণির মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয় কমিউনিটির প্রতি সহযোগিতা ও সহমর্মিতার বার্তা তুলে ধরা হয়।
