বুধবার, ০৫ আগষ্ট ২০২৬

আজাদ কাশ্মীরের নির্বাচনে এগিয়ে নওয়াজ শরিফের দল

Author avatar
উত্তর আমেরিকা অফিস

মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

আজাদ কাশ্মীরের নির্বাচনে এগিয়ে নওয়াজ শরিফের দল

পাকিস্তানশাসিত আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) আইনসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটগ্রহণ শেষে দেখা গেছে, স্পষ্টভাবে এগিয়ে রয়েছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)। দলটি এখন পর্যন্ত ২৩টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জিতেছে ৯টি আসন। খবর সামা টিভির

নির্বাচনের ফলাফল ঘোষণা করেন আজাদ কাশ্মীরের প্রধান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিচারপতি গুলাম মোস্তফা মুঘল।

ফলাফল অনুযায়ী, মিরপুর বিভাগে ১৩টি আসনের মধ্যে ৯টিতে, মুজাফফরাবাদ বিভাগে ৪টি আসনে এবং অভিবাসী (মাইগ্র্যান্ট) আসন থেকে ১০টিতে জয় পেয়েছে পিএমএল-এন।

অন্যদিকে, পিপিপি মিরপুর বিভাগে ৪টি, মুজাফফরাবাদ বিভাগে ৩টি এবং অভিবাসী আসন থেকে ২টি আসনে বিজয়ী হয়েছে।

বিজয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন— এলএ-২৫ আসনে শাহ গুলাম কাদির, এলএ-২৬ আসনে পিপিপির মিয়ান ওয়াহিদ, এলএ-২৯ আসনে পিপিপির সরদার মুখতার খান, এলএ-৩০ আসনে পিএমএল-এনের মোস্তফা বশির, এলএ-৩১ আসনে রাজা সাকিব মজিদ, এলএ-৩২ আসনে রাজা ফারুক হায়দার খান এবং এলএ-৩৩ আসনে দেওয়ান আলী খান চুঘতাই।

আজাদ কাশ্মীরে সরকার গঠনের জন্য ৫৩ সদস্যের আইনসভায় অন্তত ২৭টি আসনে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। তবে এখনো মুজাফফরাবাদের দুটি এবং পুঞ্চ বিভাগের ১১টি আসনের নির্বাচন বাকি রয়েছে।