ইয়েমেনের পশ্চিম উপকূলের কাছে লোহিত সাগরে বিস্ফোরকবোঝাই একটি নৌকার হামলার পর একটি ভারতীয় জাহাজ ডুবে গেছে। তবে জাহাজে থাকা ১৪ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ইয়েমেন সরকারের সমর্থিত ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেস মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। সংস্থাটির বরাতে আনাদোলু এজেন্সি জানায়, ফাইজে নূরে অলিয়া নামের জাহাজটি আল-হুদাইদাহ শহরের দক্ষিণে প্রায় ১৩ নটিক্যাল মাইল দূরে চলাচলের সময় হামলার শিকার হয়। হামলার পর জাহাজটি ডুবে যায়।
হামলার জন্য এখনো কোনো পক্ষকে দায়ী করা হয়নি। এ ঘটনার দায়ও তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
কর্তৃপক্ষ জানায়, ইয়েমেনের নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে জাহাজে থাকা ১৪ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে ১৩ জন ভারতীয় এবং একজন ইয়েমেনের নাগরিক। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাদের নিরাপদ স্থানে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জাহাজটিকে ভারতীয় হিসেবে উল্লেখ করলেও এটি কোন দেশের পতাকাবাহী ছিল বা এর মালিকানা কার, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এদিকে, গত মাস থেকে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা আবারও বেড়েছে। গত ২০ জুলাই হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে তথাকথিত ‘নৌ অবরোধ’ ঘোষণা করে। এর জবাবে সৌদি আরব তাদের জাহাজের নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো হুমকির কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয়।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগর ও আরব সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। এই কৌশলগত নৌপথের কাছেই অবস্থিত আল-হুদাইদাহ শহর, যা বর্তমানে হুথি গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।
