ইরানের কেশম দ্বীপের উত্তরে দুটি জাহাজের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত একটি বাল্ক ক্যারিয়ার থেকে ২৩ জন বিদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায়, মঙ্গলবার ভোরে বন্দর আব্বাস উপকূলের কাছে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে বাল্ক ক্যারিয়ারটির মাঝের অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জাহাজে পানি ঢুকতে শুরু করলে ক্যাপ্টেন ক্রুদের জাহাজ ত্যাগের নির্দেশ দেন।
পরে সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার কেন্দ্রের সমন্বয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে সব নাবিককে নিরাপদে উদ্ধার করে কেশম দ্বীপে নিয়ে যায়। দুর্ঘটনার কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, একই দিনে বন্দর আব্বাস, কিশ ও কেশম দ্বীপ এলাকায় বিস্ফোরণের শব্দ শোনার খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ। তবে এসব ঘটনার সঙ্গে জাহাজের সংঘর্ষের কোনো সরাসরি সম্পর্ক রয়েছে বলে এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
