সোমবার, ১৩ জুলাই ২০২৬

৬২ দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা বহাল রাখল জার্মানি, তালিকায় নেই বাংলাদেশ

Author avatar
উত্তর আমেরিকা অফিস

সোমবার, জুলাই ১৩, ২০২৬

৬২ দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা বহাল রাখল জার্মানি, তালিকায় নেই বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও শেনজেন অঞ্চলের বাইরে থাকা ৬২টি দেশের নাগরিকদের জন্য ২০২৬ সালেও স্বল্পমেয়াদি ভিসামুক্ত প্রবেশের সুবিধা বহাল রেখেছে জার্মানি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত দেশের নাগরিকরা পর্যটন, ব্যবসা বা ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই জার্মানিতে প্রবেশ করতে পারবেন।

তবে এ তালিকায় বাংলাদেশের নাম নেই। ফলে বাংলাদেশি নাগরিকদের জার্মানিতে ভ্রমণের ক্ষেত্রে আগের মতোই প্রযোজ্য ভিসা গ্রহণ করতে হবে।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন জার্মানিতে অবস্থান করতে পারবেন। এ সময় তারা পর্যটন, ব্যবসায়িক বৈঠক অথবা আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে দেশটিতে যেতে পারবেন। তবে এই ভিসামুক্ত সুবিধা কোনো ধরনের চাকরি, বেতনভিত্তিক কাজ বা দীর্ঘমেয়াদি বসবাসের অনুমতি দেয় না।

ভিসামুক্ত সুবিধাপ্রাপ্ত দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, ইসরায়েল, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, আর্জেন্টিনা, মালয়েশিয়া, মেক্সিকো, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, সার্বিয়া, ইউক্রেন, তাইওয়ান, ভ্যাটিকান সিটি, উরুগুয়েসহ মোট ৬২টি দেশ ও অঞ্চল।

জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসামুক্ত প্রবেশের সুযোগ কেবল স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য প্রযোজ্য। কাজ, উচ্চশিক্ষা বা দীর্ঘমেয়াদি বসবাসের জন্য সংশ্লিষ্ট ধরনের ভিসা ও আবাসন অনুমতি গ্রহণ বাধ্যতামূলক।