থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি। রোববার (১২ জুলাই) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
থাই কর্তৃপক্ষ জানায়, আগুনের পর ঘটনাস্থল থেকে ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের কয়েকজনের অবস্থা গুরুতর।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন, বারের ভেতরে আটকে পড়া লোকজন আগুনে ঘেরা প্রধান প্রবেশপথ দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। পরে তারা আগুন নিয়ন্ত্রণে এনে উদ্ধার অভিযান শুরু করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বারের ভেতর থেকে আগুনের বিশাল শিখা বের হতে, আতঙ্কিত মানুষকে দ্রুত বেরিয়ে আসতে এবং চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়। তবে এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
দমকল বাহিনী প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এরই মধ্যে ব্যাপক প্রাণহানি ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও ১৮ জন নারী রয়েছেন। এছাড়া ৬০ জনের বেশি আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।
থাইরাথের প্রতিবেদনে বলা হয়েছে, এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ এবং নিরাপত্তাব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, তা তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
