যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদা (টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস) পাওয়া হাইতিসহ সাত দেশের কয়েক লাখ অভিবাসীর কাজের অনুমতির (ওয়ার্ক পারমিট) মেয়াদ সাময়িকভাবে বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। অনুমতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের (ডিএইচএস) অধীন সংস্থা ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) শুক্রবার এক ঘোষণায় জানায়, টিপিএসধারী হাইতির নাগরিকদের কাজের অনুমতির মেয়াদ আগামী ২৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
একই সঙ্গে ইথিওপিয়া, সিরিয়া, সোমালিয়া, ইয়েমেন, দক্ষিণ সুদান ও মিয়ানমারের টিপিএস সুবিধাভোগীদের কাজের অনুমতির মেয়াদও আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে বলে জানায় সংস্থাটি।
গত মাসে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত রায় দেন, ট্রাম্প প্রশাসন হাইতি ও সিরিয়ার নাগরিকদের টিপিএস সুবিধা বাতিলের উদ্যোগ এগিয়ে নিতে পারবে। সেই রায়ের পর প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করার জন্যই স্বল্পমেয়াদি এ সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ইউএসসিআইএস।
টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) এমন একটি কর্মসূচি, যার আওতায় যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য অসাধারণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত দেশের যোগ্য নাগরিকেরা নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস ও কাজ করার সুযোগ পান।
তবে সর্বশেষ এই সময় বৃদ্ধি সংশ্লিষ্ট অভিবাসীদের জন্য সাময়িক স্বস্তি এনে দিলেও টিপিএস কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। কারণ, ট্রাম্প প্রশাসন কর্মসূচিটিতে আরও পরিবর্তন আনার উদ্যোগ অব্যাহত রেখেছে।
