বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ইরানের হামলার পর বাহরাইনজুড়ে সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬

ইরানের হামলার পর বাহরাইনজুড়ে সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

ইরানের সাম্প্রতিক হামলার পর উপসাগরীয় দেশ বাহরাইনজুড়ে সতর্কতা জারি করেছে দেশটির সরকার। সারা দেশে সতর্কতামূলক সাইরেন বাজানোর পাশাপাশি নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার এবং দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সবাইকে সরকারি নির্দেশনা অনুসরণ করতে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

এই সতর্কতা জারি করা হয় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের নতুন সামরিক অভিযানের দাবির পর।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা কুয়েত ও বাহরাইনে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের নৌ ও বিমানবাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করেছে। বিবৃতিতে কুয়েতের ক্যাম্প আরিফজান ও আলি আল সালেম এয়ার বেস এবং বাহরাইনের শাইখ ইসা এয়ার বেস ও জুফাইর এলাকায় অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে হামলার লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়।

বাহরাইনের জুফাইরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি অবস্থিত। এটি পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি, যেখানে যুক্তরাষ্ট্রের ফিফথ ফ্লিট মোতায়েন রয়েছে।

আইআরজিসির দাবি, ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা এবং পূর্বাঞ্চলের দুটি সেতুতে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় এ অভিযান চালানো হয়েছে।

তবে হামলার ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য পাওয়া যায়নি।