শনিবার, ১১ জুলাই ২০২৬

বাংলাদেশিদের অভিবাসী ভিসা কার্যক্রম সাময়িক স্থগিত, নীতিমালা পর্যালোচনার কথা জানাল যুক্তরাষ্ট্র

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শনিবার, জুলাই ১১, ২০২৬

বাংলাদেশিদের অভিবাসী ভিসা কার্যক্রম সাময়িক স্থগিত, নীতিমালা পর্যালোচনার কথা জানাল যুক্তরাষ্ট্র

বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ভিসা যাচাই–বাছাই–সংক্রান্ত নীতিমালা পর্যালোচনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।

শনিবার এক বিবৃতিতে দূতাবাস জানায়, নতুন অভিবাসীরা যাতে যুক্তরাষ্ট্র সরকারের কল্যাণমূলক কর্মসূচির ওপর নির্ভরশীল হয়ে না পড়েন এবং করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার রোধ করা যায়, সে লক্ষ্যেই এই পর্যালোচনা করা হচ্ছে।

দূতাবাসের ভাষ্য অনুযায়ী, গত ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই সাময়িক স্থগিতাদেশের মাধ্যমে অভিবাসী ভিসা যাচাই–বাছাইয়ের পুরো প্রক্রিয়া পর্যালোচনা করা হবে। এর উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থ ও জাতীয় অগ্রাধিকারের সঙ্গে ভিসা প্রক্রিয়াকে আরও সামঞ্জস্যপূর্ণ করা।

বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, এই সিদ্ধান্ত কেবল অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ, যাঁরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে আবেদন করেছেন, তাঁরাই এ ব্যবস্থার আওতায় পড়বেন।

তবে পর্যটন, শিক্ষার্থী, ব্যবসা কিংবা অন্যান্য অস্থায়ী ভ্রমণের জন্য দেওয়া অ-অভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসা কার্যক্রমে কোনো পরিবর্তন আসেনি। এসব ভিসার আবেদন আগের নিয়মেই গ্রহণ ও নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে দূতাবাস।

যুক্তরাষ্ট্রে অভিবাসননীতি কঠোর করার উদ্যোগের ধারাবাহিকতায় ট্রাম্প প্রশাসন বিভিন্ন ভিসা ও অভিবাসন কর্মসূচি পর্যালোচনা করছে। বাংলাদেশিদের অভিবাসী ভিসা কার্যক্রম সাময়িক স্থগিতের ঘোষণাও সেই প্রক্রিয়ার অংশ বলে মনে করা হচ্ছে।