সোমবার, ২৯ জুন ২০২৬

ইরান যুদ্ধ: ট্রাম্পের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি ডেমোক্রেটিক কংগ্রেসম্যানের

Author avatar
উত্তর আমেরিকা অফিস

রবিবার, জুন ২৮, ২০২৬

ইরান যুদ্ধ: ট্রাম্পের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি ডেমোক্রেটিক কংগ্রেসম্যানের

ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না। তাঁর দাবি, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলা কংগ্রেসে পাস হওয়া যুদ্ধ ক্ষমতাসংক্রান্ত প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন।

এক্সে দেওয়া এক পোস্টে রো খান্না বলেন, ‘ট্রাম্পকে এখনই এই যুদ্ধ বন্ধ করতে হবে। অন্যথায় তাঁকে থামাতে প্রয়োজন হলে আমরা আদালতের শরণাপন্ন হব।’

গত ৩ জুন প্রতিনিধি পরিষদে একই ধরনের একটি বিল পাস হওয়ার পর মঙ্গলবার সিনেটে ৫০-৪৮ ভোটে যুদ্ধ ক্ষমতাসংক্রান্ত প্রস্তাবটি অনুমোদিত হয়।

প্রস্তাবে প্রেসিডেন্টকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান থেকে মার্কিন সশস্ত্র বাহিনী প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, কংগ্রেস আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা বা নির্দিষ্ট অনুমোদন না দিলে প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে অতিরিক্ত সামরিক শক্তি ব্যবহার করতে পারবেন না।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের ১০টি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় দেশটির পাঁচটি উপকূলীয় এলাকায় বোমাবর্ষণ করা হয়েছে।