হরমুজ প্রণালিকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ এবং একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
শনিবার ইউরোপের গ্যাসের বেঞ্চমার্ক ফিউচার্সের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। আগের দুই কার্যদিবসে দাম কমলেও, বর্তমান মূল্য সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা শুরুর আগের তুলনায় ২৫ শতাংশের বেশি রয়েছে।
বিশ্বের মোট জ্বালানি পরিবহনের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে যায়। ফলে এ অঞ্চলে উত্তেজনা দেখা দিলে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বাজারে উদ্বেগ বাড়ে।
এদিকে কাতারের প্রধান এলএনজি রপ্তানি টার্মিনালের কাছে কয়েকটি খালি এলএনজি বহনকারী জাহাজ নতুন চালান নেওয়ার অপেক্ষায় রয়েছে। পরিস্থিতির ওপর নজর রেখে শিপিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে ইউরোপ ও এশিয়াজুড়ে গ্রীষ্মের তাপপ্রবাহে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বেড়েছে। এতে এলএনজির চাহিদাও বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে, চাহিদা বৃদ্ধির কারণে পর্যাপ্ত গ্যাস নিশ্চিত করতে ইউরোপীয় ক্রেতাদের তুলনামূলক বেশি দাম গুনতে হতে পারে।
বর্তমানে ইউরোপের গ্যাস সংরক্ষণাগারগুলো ৪৭ শতাংশের কিছু বেশি পূর্ণ রয়েছে। বছরের এই সময়ের গড় মজুতের তুলনায় এ হার কম। ফলে আগামী শীত মৌসুমের আগে গ্যাস সরবরাহ নিয়ে বাজারের উদ্বেগ আরও বেড়েছে।
