যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল নতুন সংগঠন ‘আব্দুল আলীম স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র’। বাংলাদেশের লোকসংগীত সম্রাট আব্দুল আলীমের স্মরণে আয়োজিত এক সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।
রোববার (৩১ মে) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস সংলগ্ন জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউয়ের একটি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের কর্তাব্যক্তিরা জানান, মরহুম আব্দুল আলীম বাংলাদেশের সংগীতজগতের এক অনন্য ব্যক্তিত্ব। তার কালজয়ী গান ও জীবনকর্ম প্রবাসীসহ বাংলাদেশি-আমেরিকান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই ‘আব্দুল আলীম স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র’ গঠন করা হয়েছে।


সংগঠনের সভাপতি বেলাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শাহ নেওয়াজ গ্রুপের কর্ণধার লায়ন শাহ নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট ও সংগীতশিল্পী রানো নেওয়াজ।
বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট আহসান হাবিবের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এবং লোকসংগীত সম্রাটের কন্যা জোহরা আলীম নুপুর।

এ ছাড়া কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আরও বক্তব্য দেন প্রবীণ প্রবাসী নাসির খান পল, সিনিয়র সাংবাদিক আকবর হায়দার কিরণ, নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম ও সংগীতশিল্পী বিপ্লবসহ অনেকে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল লোকসংগীতের জমজমাট পরিবেশনা। সংগীতশিল্পী জোহরা আলীম নুপুর ও শিমুল খান এতে গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন। পরিবেশনার ফাঁকে জোহরা আলীম নুপুর তার বাবা আব্দুল আলীম এবং শিমুল খান তার মা জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলরুবা খানের স্মৃতিচারণ করেন।

শিল্পীদ্বয়ের কণ্ঠে আব্দুল আলীমের গাওয়া জনপ্রিয় গানগুলো মিলনায়তনে উপস্থিত প্রবাসী শ্রোতাদের মাঝে অন্যরকম এক নস্টালজিয়া তৈরি করে। বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি সপরিবার উপস্থিত থেকে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠানটি উপভোগ করেন।
