বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না: নিউইয়র্কে জামায়াত নেতা জুবায়ের

Author avatar
উত্তর আমেরিকা অফিস

মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬

বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না: নিউইয়র্কে জামায়াত নেতা জুবায়ের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরে আসতে দেওয়া হবে না। নতুন করে কাউকে ফ্যাসিবাদী হওয়ার সুযোগও দেওয়া হবে না। জনগণের অধিকার আদায়ে রাজপথ ও সংসদে জামায়াতে ইসলামী ভূমিকা রাখবে।

বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ‘কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন’ (কোবা) এ সভার আয়োজন করে।

সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন ‘ইয়র্ক বাংলা’র সম্পাদক রশীদ আহমদ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও সংগীত পরিবেশন করেন শিল্পী সালাহ উদ্দিন রাসেল। এতে নিউইয়র্কে কর্মরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় এহসানুল মাহবুব জুবায়ের বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জুলাই আন্দোলনের প্রেক্ষাপট এবং অতীতের রাজনৈতিক নির্যাতনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি দল, মত ও মতাদর্শের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের অবদানের প্রশংসা করেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জুবায়ের বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করেন। তিনি বলেন, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে দেশকে ফ্যাসিবাদমুক্ত করা হলেও জনগণের প্রত্যাশা পূরণে সরকারের কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং বিদ্যুৎ ও গ্যাসের সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

ভারতে প্রধানমন্ত্রীর সফরসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সমতার ভিত্তিতে আলোচনা হওয়া উচিত। পাশাপাশি বিভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়েও গুরুত্ব দেন তিনি।

শেখ হাসিনার বিচার প্রসঙ্গে দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে দাবি করে জুবায়ের বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

আগামী দিনের দলীয় কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটে লংমার্চ এবং অক্টোবরে ঢাকায় মহাসমাবেশসহ বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মতবিনিময় সভায় নিউইয়র্কের বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত প্রবীণ ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাংলাদেশের সম্পাদক ড. ওয়াজেদ এ খান, জ্যেষ্ঠ সাংবাদিক আনোয়ার হোসেন মঞ্জু, টাইম টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, সাপ্তাহিক পরিচয়ের নাজমুল আহসান, সাপ্তাহিক জন্মভূমির সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক প্রবাসের সম্পাদক মোহাম্মদ সাঈদ, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক সালেহ উদ্দিন, সাংবাদিক ইলিয়াস হোসাইন, সাপ্তাহিক এবিএম সালাহ উদ্দিন আহমেদ, আমার সিলেটের সম্পাদক এমদাদ চৌধুরী দীপু এবং দৈনিক সংগ্রামের প্রতিনিধি এইচ এম আখতার হোসাইনসহ অনেকে।