মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

ব্রঙ্কসে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ স্মরণে শোকসভা

Author avatar
উত্তর আমেরিকা অফিস

সোমবার, জুন ৮, ২০২৬

ব্রঙ্কসে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ স্মরণে শোকসভা

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সন্ধ্যায় ‘সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি সংসদ’ এর উদ্যোগে ব্রঙ্কসের বাংলাবাজারের এশিয়ান ড্রাইভিং স্কুল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রুহেল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশা, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী এবং রাজনীতিবিদ জাকারিয়া চৌধুরী।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাখাওয়াত আলী, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরুল আলম জিকু, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহান আহমেদ টুটুল, সাবেক ছাত্রনেতা শেখ মখলু, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, যুবলীগ নেতা শেখ জামাল হোসেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শ্যামল চন্দ্র চন্দ, হাবিবুর রহমান কামাল, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক শেখ অলি আহাদ, যুবলীগ নেতা ছাদেকুর রহমান, নুরুল ইসলাম মিলন এবং কবি সুধাংশু রঞ্জন মন্ডল প্রমুখ।

প্রধান অতিথি আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, জাতীয় নেতা তোফায়েল আহমেদ জাতির জনক শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তোফায়েল আহমেদ যেন এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন।

সভায় বক্তারা জাতীয় নেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তারা বলেন, বাংলাদেশ যতদিন থাকবে, জাতীয় বীর তোফায়েল আহমেদ এ দেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।