শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে বেড়েছে বেকার ভাতার নতুন আবেদন

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

যুক্তরাষ্ট্রে বেড়েছে বেকার ভাতার নতুন আবেদন

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো বেকার ভাতার জন্য নতুন আবেদনকারীর সংখ্যা গত সপ্তাহে কিছুটা বেড়েছে। তবে এ সংখ্যা বাজারের পূর্বাভাসের চেয়ে কম থাকায় শ্রমবাজারে স্থিতিশীলতার ইঙ্গিত মিলেছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ২৫ জুলাই শেষ হওয়া সপ্তাহে নতুন বেকার ভাতার আবেদন আগের সপ্তাহের তুলনায় ৯ হাজার বেড়ে ১ লাখ ৯৭ হাজারে পৌঁছেছে। আগের সপ্তাহে সংশোধিত আবেদন সংখ্যা ছিল ১ লাখ ৮৮ হাজার।

অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল, ওই সপ্তাহে নতুন আবেদনকারীর সংখ্যা ২ লাখ ১ হাজারে পৌঁছাতে পারে। তবে প্রকৃত আবেদন সেই অনুমানের নিচেই রয়েছে।

শ্রমবাজারের সামগ্রিক প্রবণতা বোঝাতে ব্যবহৃত চার সপ্তাহের চলমান গড় আবেদন ৫ হাজার কমে ২ লাখ ২ হাজার ৭৫০-এ নেমে এসেছে।

এদিকে, ১৮ জুলাই শেষ হওয়া সপ্তাহে নিয়মিত বেকার ভাতা গ্রহণকারীর সংখ্যা ৭ হাজার কমে দাঁড়িয়েছে ১৭ লাখ ৮২ হাজারে। একই সময়ে বিমাকৃত বেকারত্বের হার অপরিবর্তিত থেকে ১ দশমিক ২ শতাংশে স্থির রয়েছে।

অন্যদিকে, পৃথক শ্রমবাজার প্রতিবেদনে দেখা গেছে, জুন মাসে যুক্তরাষ্ট্রে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ৫৭ হাজার, যা বাজারের প্রত্যাশিত ১ লাখ ১০ হাজারের তুলনায় অনেক কম। তবে একই সময়ে বেকারত্বের হার মে মাসের ৪ দশমিক ৩ শতাংশ থেকে কমে জুনে ৪ দশমিক ২ শতাংশে নেমে এসেছে।