ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজ চলাকালে গুলির ঘটনায় ইরানের কোনো সরাসরি সম্পৃক্ততা দেখছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি–এর প্রতিবেদনে জানানো হয়, রোববার (২৬ এপ্রিল) রাজধানীর একটি হিলটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। এ সময় নিরাপত্তা বাহিনী দ্রুত প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
ঘটনার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, প্রাথমিকভাবে এ হামলার সঙ্গে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার কোনো যোগসূত্র রয়েছে বলে তাঁর মনে হয় না। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ‘এ ধরনের হামলা আমাদের অবস্থান পরিবর্তন করতে পারবে না। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাব।’
প্রেসিডেন্ট জানান, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। তাঁর নাম কোল টোমাস অ্যালেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি একাধিক অস্ত্র নিয়ে দ্রুত এগিয়ে এসে হামলা চালায় এবং সিক্রেট সার্ভিসের এক সদস্যকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে বুলেটপ্রুফ জ্যাকেট থাকায় ওই সদস্য প্রাণে বেঁচে যান।
ঘটনার পরপরই নৈশভোজের অনুষ্ঠানটি বাতিল করা হয়। ট্রাম্প বলেন, হামলাকারী প্রায় ৫০ গজ দূর থেকে দ্রুত এগিয়ে এসে গুলি চালায়।
এদিকে, এ ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন কর্মকর্তাদের নির্ধারিত পাকিস্তান সফর বাতিলের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তাঁর ভাষায়, ‘অপ্রয়োজনীয় আলোচনা চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই।’
