সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

হোয়াইট হাউসে গুলির ঘটনায় বিশ্ব নেতাদের নিন্দা

Author avatar
উত্তর আমেরিকা অফিস

রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

হোয়াইট হাউসে গুলির ঘটনায় বিশ্ব নেতাদের নিন্দা

হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজে গুলির ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। শনিবার (২৫ এপ্রিল) রাতে যুক্তরাষ্ট্রের রাজধানীতে আয়োজিত এ অনুষ্ঠানে হামলার খবর প্রকাশের পর বিভিন্ন দেশের শীর্ষ নেতারা প্রতিক্রিয়া জানান। খবর বিবিসির।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি এবং অনুষ্ঠানে উপস্থিত সবার নিরাপত্তায় স্বস্তি প্রকাশ করেন। তিনি বলেন, এই ঘটনায় যারা আতঙ্কিত হয়েছেন, তাদের প্রতি সমবেদনা রইল।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে চালানো এ হামলা অগ্রহণযোগ্য। গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই। তিনি ট্রাম্পের প্রতি পূর্ণ সমর্থন জানান।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ঘটনাটি তাকে হতবাক করেছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর যেকোনো হামলার তীব্র নিন্দা জানান তিনি। একই সঙ্গে তিনি স্বস্তি প্রকাশ করেন যে প্রেসিডেন্টসহ উপস্থিত সবাই নিরাপদ আছেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ-ও সবার নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করেন। তিনি সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার প্রশংসা করেন।

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস বলেন, রাজনৈতিক সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি প্রেসিডেন্টসহ সবার প্রতি সমর্থন জানান।

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ হামলার তীব্র নিন্দা জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত সবার মঙ্গল কামনা করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ ঘটনায় গভীরভাবে স্তম্ভিত হয়েছেন বলে জানান। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য দোয়া ও শুভকামনা জানান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্প, ফার্স্ট লেডি এবং ভাইস প্রেসিডেন্টের নিরাপত্তা ও সুস্বাস্থ্য কামনা করেছেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেন, সহিংসতা কখনোই কোনো সমাধান হতে পারে না।

গুলির এই ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হলেও প্রেসিডেন্টসহ উপস্থিত সবাই নিরাপদ থাকায় স্বস্তি প্রকাশ করেছেন অধিকাংশ নেতা।