মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

পানির দখল নিয়ে দুই পরিবারের সংঘর্ষে নিহত ৪২

Author avatar
উত্তর আমেরিকা অফিস

সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

পানির দখল নিয়ে দুই পরিবারের সংঘর্ষে নিহত ৪২

পানির দখল নিয়ে দুই পরিবারের বিরোধের জেরে আফ্রিকার দেশ সাদ-এ  ভয়াবহ সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চাদের পূর্বাঞ্চলে পানি ব্যবহারের অধিকার নিয়ে দুই পরিবারের বিরোধ সহিংস রূপ নেয়। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমানে মাহামাত ফিরা প্রদেশের ইগোতে গ্রাম সফরকালে এ তথ্য নিশ্চিত করেন। এলাকাটি সুদানের সীমান্তসংলগ্ন। গত শনিবার থেকে সেখানে সহিংসতা শুরু হয়।

উপ-প্রধানমন্ত্রী জানান, সংঘর্ষে আহতদের প্রাদেশিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিশোধমূলক হামলা বাড়তে থাকায় সহিংসতা দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী হস্তক্ষেপ করে।

তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনায় গ্রামে প্রথাগত মধ্যস্থতা প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি দায় নির্ধারণে বিচারিক তদন্তও চালু করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, চাদে জমি ও পানির দখল নিয়ে আন্তঃসম্প্রদায় সংঘর্ষ প্রায়ই ঘটে। গত বছর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘর্ষে বহু মানুষ নিহত হন এবং ঘরবাড়ি ধ্বংস হয়।

মাহামাত বলেন, পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় নতুন করে অস্থিরতা ঠেকাতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে।