রবিবার, ২১ জুন ২০২৬

ট্রাম্পের শান্তি বাধা হতে পারেন নেতানিয়াহু, আশঙ্কা মার্কিন গোয়েন্দাদের

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শনিবার, জুন ২০, ২০২৬

ট্রাম্পের শান্তি বাধা হতে পারেন নেতানিয়াহু, আশঙ্কা মার্কিন গোয়েন্দাদের

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা করছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন কিছু পদক্ষেপ নিতে পারেন, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে করা শান্তি সমঝোতার প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে।

মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখতে আগ্রহী। একই সঙ্গে দেশের আসন্ন নির্বাচনকে ঘিরে তিনি রাজনৈতিক চাপের মধ্যেও রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, লেবানন থেকে সেনা প্রত্যাহার করা বা হিজবুল্লাহবিরোধী অভিযান শিথিল করলে তাঁর রাজনৈতিক অবস্থান দুর্বল হতে পারে বলে মনে করেন নেতানিয়াহু। এ কারণে তিনি কঠোর অবস্থান বজায় রাখতে চান।

এদিকে ট্রাম্পের উদ্যোগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক সমঝোতা নিয়ে ইসরায়েলের মধ্যে অসন্তোষ রয়েছে। দেশটির আশঙ্কা, এ চুক্তির ফলে ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের সামরিক ও কৌশলগত পদক্ষেপ নেওয়ার সুযোগ সীমিত হয়ে যেতে পারে।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী, ইসরায়েল যদি লেবাননে সামরিক তৎপরতা আরও বাড়ায়, তাহলে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ঝুঁকির মুখে পড়তে পারে। এতে ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্কেও টানাপোড়েন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এর আগে ১২ জুন নেতানিয়াহু বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতার অংশ নয় ইসরায়েল।

অন্যদিকে ট্রাম্প লেবানন ইস্যুতে সংযত থাকার জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, দীর্ঘদিনের সংঘাতে বেসামরিক মানুষের প্রাণহানি উদ্বেগজনকভাবে বেড়েছে।