পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সড়কের পাশে পেতে রাখা দুটি বোমার বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
শনিবার প্রদেশটির বান্নু জেলায় এ ঘটনা ঘটে। জেলাটি আফগানিস্তান সীমান্তঘেঁষা অস্থির উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলের কাছে অবস্থিত।
জেলা পুলিশের প্রধান ইয়াসির আফ্রিদি সাংবাদিকদের জানান, সড়কের পাশে পেতে রাখা প্রথম বোমাটি একটি যাত্রীবাহী ভ্যানকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত হন অন্তত তিনজন।
প্রথম বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা নিহত ও আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তোলার কাজ করছিলেন। এ সময় দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এতে আরও অন্তত দুজন নিহত হন।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
