শনিবার, ২৭ জুন ২০২৬

নতুন আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শুক্রবার, জুন ২৬, ২০২৬

নতুন আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

উন্নত আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন পরীক্ষাটি তদারকি করেন এবং সামরিক সক্ষমতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

বৃহস্পতিবার পরিচালিত এ পরীক্ষা উত্তর কোরিয়ার পাঁচ বছর মেয়াদি জাতীয় প্রতিরক্ষা আধুনিকায়ন কর্মসূচির অংশ। পরীক্ষায় উন্নত ২৪০ মিলিমিটার ২৪-টিউব মাল্টিপল রকেট লঞ্চার, বিশেষ মিশন ওয়ারহেডসংবলিত ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৫৫ মিলিমিটার স্বচালিত হাউইটজারের গোলার কার্যকারিতা মূল্যায়ন করা হয়।

কেসিএনএর দাবি, উন্নত রকেট লঞ্চারটির পাল্লা এখন ৯০ কিলোমিটার। এতে স্বয়ংক্রিয় ফায়ার কন্ট্রোল ও নির্ভুল লক্ষ্যভেদ প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এছাড়া নতুন ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিশেষ ওয়ারহেড বিমানঘাঁটি, সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্রের মতো কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। নতুন ১৫৫ মিলিমিটার হাউইটজার গোলার কার্যকর পাল্লা ৬৫ কিলোমিটার বলে দাবি করা হয়েছে।

কিম জং উন বলেন, এই পরীক্ষা সরকারের সামরিক আধুনিকায়ন নীতির আওতায় অর্জিত প্রযুক্তিগত অগ্রগতির প্রতিফলন। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন।

একই সঙ্গে কিম বলেন, পিয়ংইয়ং শুধু প্রতিরক্ষামূলক সক্ষমতা বাড়াতেই নয়, সম্ভাব্য প্রতিপক্ষকে নিরুৎসাহিত করতে আরও শক্তিশালী আক্রমণাত্মক সক্ষমতাও গড়ে তুলছে। তাঁর দাবি, উত্তর কোরিয়ার দূরপাল্লার হামলার সক্ষমতা অল্প সময়ের মধ্যেই আরও উন্নত পর্যায়ে পৌঁছেছে।