সোমবার, ২৯ জুন ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত ১ হাজার ৪০০ ছাড়াল, চলছে উদ্ধার অভিযান

Author avatar
উত্তর আমেরিকা অফিস

রবিবার, জুন ২৮, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত ১ হাজার ৪০০ ছাড়াল, চলছে উদ্ধার অভিযান

ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলগুলোতে জীবিতদের উদ্ধারে দেশি-বিদেশি উদ্ধারকারী দল অভিযান চালিয়ে যাচ্ছে। খবর রয়টার্সের।

সরকার জানিয়েছে, এখন পর্যন্ত ১ হাজার ৬০০-এর বেশি বিদেশি উদ্ধারকর্মী ভেনেজুয়েলায় পৌঁছেছেন। আরও কয়েকটি উদ্ধারকারী দল দেশটিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বুধবার আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্পের পর শত শত আফটারশক উদ্ধারকাজকে আরও জটিল করে তুলেছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা এবং রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায় স্বজন, স্বেচ্ছাসেবক ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন। তবে স্থানীয়দের অভিযোগ, ভারী যন্ত্রপাতি ও সরকারি সহায়তার ঘাটতির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

ক্ষতিগ্রস্ত কারাবায়েদা এলাকায় মার্কিন সামরিক হেলিকপ্টারে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। এদিকে অনেক পরিবার এখনো নিখোঁজ স্বজনদের খোঁজে হাসপাতাল ও উদ্ধারকেন্দ্রে ছুটে বেড়াচ্ছে।

ভূমিকম্পের পর থেকে আফটারশকের আশঙ্কায় বহু মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। আংশিক ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে ফিরে যেতে ভয় পাচ্ছেন বাসিন্দারা।

জরুরি উদ্ধার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে লা গুয়াইরা এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সীমিত করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহও স্বাভাবিক করা হচ্ছে।

সরকার জানিয়েছে, শত শত মানুষ এখনো নিখোঁজ অথবা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন। তবে বিরোধী পক্ষ পরিচালিত একটি ওয়েবসাইটে ৫৫ হাজারের বেশি মানুষকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা প্রকাশ করেছে, শেষ পর্যন্ত মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। উদ্ধার ও ত্রাণ সহায়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ১৫ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া আগামী কয়েক দিনের মধ্যে আরও কয়েকশ কোটি ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।