যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী মিরসরাইবাসীর মিলনমেলায় পরিণত হয়েছে মীরসরাই সমিতি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন। গত ৫ জুলাই (রবিবার) নিউইয়র্কের বেলমন্ট লেক স্টেট পার্কে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। পরিচিতি পর্ব, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা, র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে প্রাণবন্ত হয়ে উঠে বনভোজনটি। সকাল থেকেই প্রবাসী মিরসরাইবাসী পরিবার-পরিজন নিয়ে বনভোজনস্থলে উপস্থিত হন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বসবাস করলেও মিরসরাইবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। নতুন প্রজন্মের কাছে নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও শিকড়ের পরিচয় তুলে ধরতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বনভোজন উদযাপন কমিটির আহবায়ক আনোয়ারুল পারভেজ ভূঁইয়া ও সদস্য সচিব মোঃ মঈন উদ্দিন বনভোজনে অংশ নিয়ে আয়োজনকে সাফল্য মন্ডিত করায় আগত সকলকে ধন্যবাদ জানান। এসময় সমিতির সভাপতি আসিফুর রহমান আসিফ ও সাধারণ সম্পাদক আরিফুল হাসান আরিফ বনভোজন সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য সকল সদস্য, স্বেচ্ছাসেবক, পৃষ্ঠপোষক ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে আরো বড় পরিসরে এ আয়োজন করার আশাবাদও ব্যক্ত করেন তারা।
