ইরানে টানা ১৩তম রাতের মতো হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, হরমুজ প্রণালিতে বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত এবং ইরানের হুমকি প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
সেন্টকম বৃহস্পতিবার (২৩ জুলাই) এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় রাত ৯টার দিকে সর্বশেষ দফার হামলা চালানো হয়। এ সময় ইরানের সামরিক কমান্ড সেন্টার, ড্রোন সংরক্ষণাগার, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি স্থাপনা এবং সামুদ্রিক সক্ষমতাসংক্রান্ত স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার।
বিবৃতিতে সেন্টকম দাবি করে, সাম্প্রতিক সময়ে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সংশ্লিষ্ট হামলার পরও হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যিক নৌচলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির কারণে বাণিজ্যিক জাহাজগুলো এখনো নিরাপদে এ নৌপথ ব্যবহার করতে পারছে বলেও দাবি করা হয়।
এ ছাড়া সেন্টকম জানায়, বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহনের উল্লেখযোগ্য অংশ এই প্রণালি দিয়ে পরিচালিত হয়। ফলে সাম্প্রতিক উত্তেজনা এ নৌপথের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
