শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

নিরাপত্তা উদ্বেগে ইরান থেকে সব দূতাবাসকর্মী প্রত্যাহার করল যুক্তরাজ্য

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

নিরাপত্তা উদ্বেগে ইরান থেকে সব দূতাবাসকর্মী প্রত্যাহার করল যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে তেহরানে থাকা দূতাবাসের সব কর্মীকে সাময়িকভাবে প্রত্যাহার করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের জন্য নতুন করে নিরাপত্তা সতর্কতা জারি করেছে দেশটি। খবর বিবিসির।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ইরানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে তেহরানে নিযুক্ত সব দূতাবাসকর্মীকে সাময়িকভাবে দেশটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

তবে এতে তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাসের কার্যক্রম পুরোপুরি বন্ধ হচ্ছে না। বিবৃতিতে বলা হয়েছে, দূতাবাসের কর্মকর্তারা অন্য একটি নিরাপদ স্থান থেকে সীমিত পরিসরে কার্যক্রম চালিয়ে যাবেন।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর ইরানে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, সেখানে ব্রিটিশ নাগরিকদের আটক, গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের ঝুঁকি অত্যন্ত বেশি।

এতে আরও বলা হয়, কারও কাছে ব্রিটিশ পাসপোর্ট থাকা বা তাঁর সঙ্গে যুক্তরাজ্যের কোনো ধরনের সংযোগ রয়েছে বলে সন্দেহ হলেই তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। এমন পরিস্থিতিতে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত কারাভোগের ঝুঁকিও রয়েছে।

এর আগে প্রায় এক মাস আগে নিরাপত্তাজনিত কারণে তেহরানে অবস্থিত দূতাবাস থেকে বেশ কয়েকজন কর্মীকে প্রত্যাহার করেছিল যুক্তরাজ্য। সর্বশেষ পদক্ষেপের মাধ্যমে অবশিষ্ট কর্মীদেরও দেশটি থেকে সরিয়ে নেওয়া হলো।