ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা সংশোধন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন। নতুন তথ্যে আরও ১৪০ জনের বেশি আহত সেনার তথ্য যুক্ত হওয়ায় মোট হতাহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪২ জনে।
পেন্টাগনের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’-তে এখন পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৬২৪ জন আহত হয়েছেন।
আগে প্রকাশিত তালিকায় আহতের সংখ্যা কম দেখানো হওয়ায় পেন্টাগনের তথ্যের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। এ ঘটনায় মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির সদস্যরা প্রতিরক্ষামন্ত্রীর কাছে ব্যাখ্যা চান।
পেন্টাগনের দাবি, ওয়েবসাইটে সাময়িক কারিগরি ত্রুটির কারণেই এ অসামঞ্জস্য তৈরি হয়েছিল। একই সঙ্গে জর্ডান ও উত্তর ইরাকে ইরানের হামলায় নিহত চার মার্কিন সেনার নামও নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে যুদ্ধ পরিচালনার আইনি সময়সীমা নিয়ে ট্রাম্প প্রশাসনের ব্যাখ্যা ঘিরে রাজনৈতিক বিতর্কও অব্যাহত রয়েছে। বিরোধীদের অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই সামরিক অভিযান চালানোর সাংবিধানিক সীমাবদ্ধতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে প্রশাসন।
