দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে তীব্র খরা দেখা দেওয়ায় পানি সরবরাহ ও পরিস্থিতি মোকাবিলায় সামরিক যান ও ফায়ার সার্ভিসের পানিবাহী ট্যাংকার মোতায়েন করেছে সরকার।
বৃহস্পতিবার সিউলভিত্তিক বার্তা সংস্থা ইয়োনহাপের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার জারি করা জাতীয় অগ্নিনির্বাপণ বাহিনী মোতায়েনের নির্দেশের আওতায় দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০০টি পানিবাহী ট্যাংকার এবং ৪০০ জন কর্মী দক্ষিণ গিয়ংসাং প্রদেশে পাঠানো হয়েছে। খরাকবলিত কৃষিজমি ও বসতবাড়িতে পানি সরবরাহের জন্য এর সঙ্গে আরও ১৪টি সামরিক যান যুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণ গিয়ংসাং প্রদেশের ১৮টি প্রশাসনিক এলাকাকে আনুষ্ঠানিকভাবে খরাকবলিত হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব এলাকার জলাধারগুলোর গড় পানি সংরক্ষণ ক্ষমতা কমে ৩২ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। অথচ দীর্ঘমেয়াদি গড় পানি সংরক্ষণ ক্ষমতা ৭০ দশমিক ৮ শতাংশ।
খরা মোকাবিলায় দেশব্যাপী অগ্নিনির্বাপণ বাহিনী মোতায়েনের নির্দেশ দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয়বারের মতো জারি করা হলো। এর আগে গত বছরের আগস্টে পূর্ব উপকূলীয় শহর গ্যাংনেউংয়ে খরা মোকাবিলায় প্রথমবার এমন জাতীয় পর্যায়ের মোতায়েন করা হয়েছিল।
