যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ক্যাপিটল ভবনে বোমা হামলা ও আইনপ্রণেতাদের হত্যার কথিত একটি পরিকল্পনা নস্যাৎ করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। এ ঘটনায় আলবেনির ৩৫ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এফবিআই পরিচালক কাশ প্যাটেল এ তথ্য জানান। ইরাকি বার্তাসংস্থা শাফাক নিউজ এ খবর জানিয়েছে।
ফেডারেল কর্তৃপক্ষের অভিযোগ, গ্রেপ্তার জেসিকা বোয়ি জঙ্গিগোষ্ঠী আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। ক্যাপিটল ভবনে অঙ্গরাজ্যের সিনেটরদের উপস্থিতির সময় বিস্ফোরক ব্যবহার করে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন তিনি।
আদালতের নথিতে বলা হয়েছে, কথিত পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে বোয়ি একাধিকবার ক্যাপিটল ভবন পর্যবেক্ষণ করেন। পাশাপাশি বিস্ফোরক তৈরির জন্য বিভিন্ন সরঞ্জাম সংগ্রহ করেছিলেন বলেও অভিযোগ রয়েছে।
কর্তৃপক্ষের দাবি, ক্যাপিটল ভবনের ব্যাপক ক্ষতি করা এবং সেখানে থাকা আইনপ্রণেতাদের হত্যা করাই ছিল তার উদ্দেশ্য। পুলিশ বাধা দিলে তাদের লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রস্তুতিও তিনি নিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
তবে আদালতে এসব অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। বিচারিক প্রক্রিয়ায় অভিযোগগুলোর সত্যতা নির্ধারিত হবে।
সূত্র: শাফাক নিউজ এজেন্সি
