মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা, নিহত ১, নিখোঁজ ১৫

Author avatar
উত্তর আমেরিকা অফিস

সোমবার, আগস্ট ৩১, ২০২৬

গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা, নিহত ১, নিখোঁজ ১৫

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ১৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ন্যাশনাল পার্ক সার্ভিস।

শনিবার বিকেলে গ্র্যান্ড ক্যানিয়নের ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন ও ফ্যান্টম র‍্যাঞ্চ এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়। এতে অন্তত ৬২ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বন্যার পানির সঙ্গে বড় বড় পাথর, ধাতব কাঠামো ও বিভিন্ন ধরনের ধ্বংসাবশেষ ভেসে কলোরাডো নদীতে গিয়ে পড়ে।

রোববার সন্ধ্যায় ক্রিস্টাল র‍্যাপিডসের কাছে কলোরাডো নদী থেকে ৪৬ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

বন্যার কারণে পর্যটকদের কাছে জনপ্রিয় ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ড, ফ্যান্টম র‍্যাঞ্চ এবং নর্থ কাইবাব ট্রেইলের কিছু অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কলোরাডো নদীতে র‍্যাফটিং কার্যক্রমও।

বন্যার পানিতে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের একমাত্র প্রধান পানির পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে সোমবার থেকে পার্কের লজ ও হোটেলগুলোতে পর্যটকদের রাতযাপন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সোমবার পর্যন্ত ওই এলাকায় আরও বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে। এতে নতুন করে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।

সূত্র: আল-জাজিরা