নেপালের মধ্যাঞ্চলে বিদেশি পর্বতারোহীদের অভিযানের জন্য বেস ক্যাম্প প্রস্তুতের সময় তুষারধসে অন্তত ১৫ নেপালি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) নেপাল ন্যাশনাল মাউন্টেইন গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি তুল সিং গুরুং রয়টার্সকে এ তথ্য জানান।
তিনি বলেন, গত রোববার ভোরে চীন সীমান্তের কাছাকাছি ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার হিমলুং শিখরের বেস ক্যাম্পে তুষারধসের ঘটনা ঘটে। ওই সময় পরবর্তী পর্বতারোহণ অভিযানের জন্য তাঁবু স্থাপন ও রশি বাঁধার কাজ করছিলেন নেপালি শ্রমিকরা।
তুল সিং গুরুং জানান, আজ উদ্ধার করা মরদেহগুলো হেলিকপ্টারে করে রাজধানী কাঠমান্ডুতে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। নিখোঁজ থাকা অপর কর্মীকে জীবিত উদ্ধারের সম্ভাবনা খুবই কম। এ কারণে উদ্ধার অভিযানও প্রায় গুটিয়ে আনা হচ্ছে।
তুষারধসের সময় বিদেশি পর্বতারোহীরা ঘটনাস্থলে পৌঁছাননি বলেও জানান তিনি।
এদিকে অভিজ্ঞ গাইডসহ ১১ সদস্যের একটি উদ্ধারকারী দল চার মিটারেরও বেশি গভীর বরফ খুঁড়ে তল্লাশি চালায়। তুষারের নিচে বেস ক্যাম্পের তাঁবুগুলো চাপা পড়েছিল। এর আগে রোববার দুই পর্বতারোহণ গাইড, সোমবার দুই কিচেন স্টাফ এবং মঙ্গলবার আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
নেপালে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বড় পর্বতারোহণ দুর্ঘটনা ঘটে ২০১৪ সালে। সে সময় এভারেস্টে তুষারধসে ১৬ জনের মৃত্যু হয়। এর এক বছর পর, ২০১৫ সালে এভারেস্টে ভূমিকম্পে আরও ১৮ জন প্রাণ হারান।
