বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

পোল্যান্ডের স্কুলে ছুরি হামলা, আহত ৮

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

পোল্যান্ডের স্কুলে ছুরি হামলা, আহত ৮

পোল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি স্কুলে ছুরি হামলায় পাঁচ শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন প্রাপ্তবয়স্কও রয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আদ্রিয়ান স্তুপস্কি পোলিশ সংবাদমাধ্যম আরএমএফ এফএমকে জানান, আহত আটজনের মধ্যে পাঁচজন শিশু ও তিনজন প্রাপ্তবয়স্ক।

ওস্ত্রোলেঙ্কা শহরের একটি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। হামলায় জড়িত সন্দেহে ১৯ বছর বয়সী এক শিক্ষার্থী হামলার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে অল্প সময়ের মধ্যেই পুলিশ তাঁকে আটক করে।

পোলিশ প্রেস এজেন্সিকে পুলিশের মুখপাত্র মারচিন সাভিৎসকি বলেন, হামলাকারীও আহত হয়েছেন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলার কারণ ও ঘটনার বিস্তারিত পরিস্থিতি তদন্ত করছে। তবে হামলার উদ্দেশ্য এবং আহতদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি