বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়াল তেলের দাম

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়াল তেলের দাম

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চল থেকে সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে এ দাম বেড়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টা ১৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ ডলার ৩৩ সেন্ট বা ১ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ ডলার ৫৩ সেন্টে দাঁড়ায়।

এদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ১ ডলার ১১ সেন্ট বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ ডলার ৩৯ সেন্টে উঠেছে।

উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর হামলা বাড়ায় তেল সরবরাহ নিয়ে বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহন করা হয়। ফলে ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে বৈশ্বিক তেল সরবরাহব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সরবরাহ নিয়ে এই উদ্বেগই আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ তৈরি করছে।

সূত্র: আল জাজিরা